রংপুর মহানগরীর কামাল কাছনা মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যাকাণ্ডে শোক ও নিন্দা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রোববার (৩০ আগস্ট) শোকবার্তায় তিনি এ হত্যাকাণ্ডকে চরম মর্মান্তিক বলে উল্লেখ করেন এবং বলেন, এটি পুরো সমাজকে অনিরাপত্তার দিকে ঠেলে দিয়েছে।
জি এম কাদের বলেন, হত্যার কারণ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী গণমাধ্যমে যে বর্ণনা দিয়েছে, তা নিয়ে মানুষের মনে নানা যৌক্তিক প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে। এর পেছনে কোনো গভীর রহস্য, পূর্বপরিকল্পনা বা কারও ইন্ধন আছে কি না, তা উদ্ঘাটনের দাবি জানান তিনি।
আসল অপরাধীদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করার আহ্বান জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা ও স্বজনদের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।






