রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজনকে আটকের পর মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) বিকেলে ঝিকরা বাজার থেকে একজনকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধরে পুলিশে দেন, অন্যজনকে সন্ধ্যায় থানা মোড় থেকে আটক করা হয়।

আটক দুজনের একজন খোদা বক্স (৫৫), ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য; অন্যজন বাগমারা গ্রামের দলীয় কর্মী এনামুল হক দুলাল (৪০)।

খোদা বক্সের পরিবারের অভিযোগ, গত সংসদ নির্বাচন ঘিরে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইদুর রহমানের সঙ্গে তার বিরোধ ছিল; এর জেরে বাজারে মব তৈরি করে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে পুলিশে দেন।

দুলালের ভাই লাল মোহাম্মাদের দাবি, তার ভাই দলের সমর্থক হলেও কোনো পদে নেই; ছুটিতে বাড়ি এসে মাগরিবের নামাজ শেষে থানা মোড় মসজিদ থেকে বের হতেই কয়েকজন দারোগা ওসি ডাকছেন বলে তাকে থানায় নিয়ে যান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামের ভাষ্য, সরকারি কাজের বিরোধিতাসহ নানা অপরাধের অভিযোগে বিএনপির লোকজন দুজনকে আটক করলে পুলিশ থানায় আনে। প্রাথমিক প্রমাণ মেলায় নিয়মিত মামলা দিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।