দেশের মানুষ অতীতে বিএনপির পাশে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাটহাজারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি-আদর্শ মেনে জন্মলগ্ন থেকে বহুদলীয় গণতন্ত্রের চর্চা করে আসছে বিএনপি। তার মতে, আইন মেনে দেশের উন্নয়নে কাজ করা, শান্তিতে একসঙ্গে বসবাস এবং নির্বিঘ্নে মৌলিক অধিকার ভোগের সুযোগই গণতন্ত্রের প্রকৃত রূপ।

সরকার চালানোর বাইরেও বিএনপির ভূমিকা রয়েছে উল্লেখ করে মীর হেলাল বলেন, দেশে যেকোনো অস্থিতিশীলতা মোকাবিলা ও দেশকে নিরাপদ রাখতে দল হিসেবেও বিএনপি প্রস্তুত। তিনি বলেন, ‘অতীতে যে অন্যায়, অত্যাচার ও জুলুম হয়েছে, তার পুনরাবৃত্তি ভবিষ্যতে আর হতে দেওয়া হবে না।’

বিগত সরকারের আমলে বিএনপির সভা-সমাবেশ ভণ্ডুল করতে ১৪৪ ধারা জারি এবং নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তবু হাটহাজারীতে টানা ১৭ বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিএনপি পরিবার, বলেন তিনি।

রাজনৈতিক সহাবস্থান, মানুষের অধিকার ও আইনের শাসনের ওপর জোর দিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।