বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বৈঠকে বসছে। রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।

দলীয় সূত্র জানায়, সরকার গঠনের পর এটি হবে স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক, আর সম্প্রতি যুক্ত হওয়া চার নতুন সদস্যকে নিয়ে প্রথম। নতুন এই সদস্যরা হলেন ইসমাইল জবিহউল্লাহ, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। শনিবার স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা তিনিও শুনেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলের সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, এই বৈঠক ডাকায় পরিষ্কার হয়ে গেছে যে ভারতে হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না।

১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে অষ্টাদশ ব্রিকস সম্মেলনে সদস্য দেশের নেতাদের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও থাকবেন। ২০২৬ সালে জোটটির সভাপতি ভারত।