নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো বাধা তৈরি করে না বলে দাবি করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তার মতে, সাংবাদিকতার অধিকার সবার আছে, তবে নারীদের শালীনতা ও শরিয়াহ মেনে চলা উচিত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে সদ্য পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে দলের অবস্থান জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, কোনো নারী সাংবাদিকতা পেশায় আসতে চাইলে আসতেই পারেন, ‘আমরা বাধা দিচ্ছি না’; তবে কাজটি করতে হবে শরিয়াহসম্মত উপায়ে। শরিয়ত না মানা কারও অধিকার হতে পারে, কিন্তু সে ক্ষেত্রে অন্যদের তা পালনের সুযোগ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, নিজে শরিয়ত মানেন না বলে অন্যকেও মানতে দেবেন না—এমন প্রবণতা ঠিক নয়। তাই ইসলামী আন্দোলনের কর্মসূচিতে নারী সাংবাদিকেরা শরিয়াহসম্মতভাবে আসবেন বলে আশা করেন তিনি।

সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই কোরআনের অবিসংবাদিত বিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন পাস করে মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়া হয়েছে। হেবার অপব্যবহার বা মা-বাবাকে উচ্ছেদ ঠেকাতে আইন লাগলেও শরিয়ত ভেঙে তা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনের শেষ দিকে আলেম ও আইনবিদদের পরামর্শ নিয়ে আইনটিতে দ্রুত প্রয়োজনীয় সংশোধনী আনার দাবি জানান তিনি।