এনপিএর (নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে। খবরটি শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে জানান সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যসচিব সজীব তানভীর।

মেঘমল্লারের চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সঙ্গে সমন্বয় করছেন তানভীর। তিনি জানান, শুক্রবার দুপুর ১২টার কিছু পরে জ্ঞান ফেরে মেঘমল্লারের, এরপর আর কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হয়নি; তিনি এখন নিজেই স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন।

শুক্রবার সন্ধ্যায় তানভীর ছাড়াও এনপিএর মুখপাত্র ও কেন্দ্রীয় কাউন্সিলের কয়েকজন সদস্য মেঘমল্লারের সঙ্গে কথা বলেছেন।

চিকিৎসকদের উদ্ধৃত করে তানভীর জানান, উন্নতির এই ধারা বজায় থাকলে শনিবার সকালেই তাঁকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে সরিয়ে নেওয়া হতে পারে। দ্রুত সেরে উঠলে অল্প দিনের মধ্যেই মেঘমল্লার বাড়ি ফিরতে পারবেন বলে আশাবাদী তিনি।

সোমবার গভীর রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেটের কাছ থেকে অচেতন অবস্থায় মেঘমল্লারকে উদ্ধার করা হয়েছিল। পরে বন্ধুরা তাঁকে ঢামেকে ভর্তি করেন।