জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, তিনি কোন ডিসেম্বরে বাংলাদেশে আসবেন—২০৩০ সালের নাকি ৫০ সালের—তা পরিষ্কার করা উচিত। উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বর্তমান সরকারের সফলতা শীর্ষক যে আলোচনা সভার আয়োজন করে, সেখানে তিনি এ কথা বলেন।
দুলু বলেন, এমন বহু ডিসেম্বর, রোজা, ঈদ, পূজা আর বর্ষাকাল তাঁদের জীবনে পার হয়েছে। হুমকি-ধমকি দিয়ে গণতান্ত্রিক ধারা ব্যাহত করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়েই তাঁরা ক্ষমতায় এসেছেন।
শেখ হাসিনা কোন সীমান্ত দিয়ে আসবেন, তা-ও ঘোষণা করতে বলেন হুইপ। তাঁর অভিযোগ, জুলাই আন্দোলনে শেখ হাসিনা ২ হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছেন, যাদের রক্তের দাগ এখনো শুকায়নি; জুলাই যোদ্ধা ও ১৭ বছরে গুম-খুনের শিকার পরিবারগুলোসহ সবাই তাঁর অপেক্ষায় আছেন। দুলু বলেন, গত ১৭ বছরের প্রতিটি হত্যার বিচার হবে এবং শেখ হাসিনাকে কাশিমপুর কারাগারে গিয়ে দেশের মানুষের বিচারের মুখোমুখি হতে হবে।
গত ৬ মাসে সরকারের কাজের প্রসঙ্গে দুলু বলেন, নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিধ্বস্ত দেশকে ঘুরে দাঁড় করাতে সকাল ৯টা থেকে প্রায় রাত ১২টা পর্যন্ত টানা কাজ করছেন এবং কোনো প্রটোকল নেন না। তাঁর দাবি, স্বাধীনতার পর তারেক রহমানই একমাত্র প্রধানমন্ত্রী, যিনি সরকারি নিয়ম-নীতি ও প্রটোকল ভেঙে দৃষ্টান্ত গড়েছেন; অতীতে প্রটোকলের কারণে মুমূর্ষু রোগীর মৃত্যু হলেও রাস্তা খুলে দেওয়া হয়নি।
হুইপ আরও বলেন, সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করেছে, তাঁদের কৃষক কার্ড দিচ্ছে, অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করেছে এবং ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানী চালু করেছে। তাঁর দাবি, গত ৬ মাসে কেউ গুম হননি, রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো বা আটক করে গুমের ঘটনাও ঘটেনি। প্রধানমন্ত্রী গ্যাস-বিদ্যুৎসহ সব সমস্যা সমাধানের চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নামাজের সময় মিছিল করেছে উল্লেখ করে দুলু মন্তব্য করেন, তারা নামাজ পড়ে না, আল্লাহকেও বিশ্বাস করে না। তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান, মতপার্থক্য থাকলেও দেশ বাঁচাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা বলেন, সরকার গঠনের পর গত ৫ মাসে ২৫ হাজার কোটি টাকার বিদেশি ঋণ শোধ করা হয়েছে; সরকারি ব্যবস্থাপনায় এ বছরের হজযাত্রীদের উদ্বৃত্ত অর্থ ব্যাংক হিসাবে ফেরত দেওয়াকে তিনি বিশ্বে নজির বলে উল্লেখ করেন। ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মো. এছাহক আলীর সভাপতিত্বে সভায় বিএনপির নির্বাহী কমিটির রমেস দত্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নাদিরুজ্জামান মন্ডলও বক্তব্য দেন।






