সংসদে পাস করা সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ কোরআন-সুন্নাহর পরিপন্থী বলে দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, আইনটি সংশোধনের দাবিও তুলেছে সংগঠনটি। রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় এক জরুরি সভায় হেফাজতের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এ দাবি জানান।

সংগঠনটি বলেছে, ‘মুসলিম প্রধান এ দেশে ইসলামী শরিয়াহবিরোধী কোনো আইন গ্রহণযোগ্য হবে না।’ শরিয়াহ বিশেষজ্ঞদের মত না নিয়ে তাড়াহুড়া করে বিলটি পাস করানোর কড়া প্রতিবাদও জানানো হয় সভায়।

হেফাজতের ভাষ্য, কোরআনের আইনি কাঠামো এড়িয়ে ইচ্ছেমতো আইন বানানো শরিয়াহকে অবজ্ঞার শামিল; নতুন আইনে মুসলমানদের হেবা (দান) নিয়েও আইনি জটিলতার আশঙ্কা দেখছে তারা। মুসলমানদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানসংক্রান্ত কোনো আইন প্রণয়ন বা সংশোধনের আগে আলেম-ওলামা ও ইসলামী আইনে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের আহ্বানও জানানো হয়।

আইনমন্ত্রী ও চিফ হুইপের সাম্প্রতিক মন্তব্যের নিন্দা জানিয়ে নেতারা বলেন, আপত্তিকারীরা আইন পড়েছেন কি না—সে প্রশ্ন না তুলে আপত্তিগুলোর শরিয়াহ ও আইনগত ভিত্তি খতিয়ে দেখা দরকার। তাদের দাবি, মুসলিম উত্তরাধিকারীদের অধিকার ও হেবা প্রথা সুরক্ষায় বিতর্কিত বিধানটি পুনর্বিবেচনা করে সংশোধন আনতে হবে এবং সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র থেকে বাঁচাতে হবে।

দাবি আদায়ে শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা। সভায় সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাবে আমিরের পক্ষে আলেম ও ফিকাহ বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল।

আমিরের সভাপতিত্বে সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলানা মাহফুজুল হক, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মুফতি জসিম উদ্দিন হাটহাজারী ও মাওলানা সালাহউদ্দিন নানুপুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।