জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল ‘খুব ভালো মানুষ না’। তাঁর ছাগল চুরির প্রসঙ্গে পাটওয়ারীর মন্তব্য, দুটি ছাগলই খাওয়া উচিত ছিল।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে রংপুর অভিমুখী লংমার্চ সামনে রেখে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক জরুরি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে প্রচারিত ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে আসিফ নজরুল ছাগল হারানোর ঘটনা ও এরপর ছোট মেয়ের মানসিক অবস্থার কথা বলেন। চুরির ঘটনাটিকে জীবনের অন্যতম হৃদয়বিদারক অভিজ্ঞতা উল্লেখ করে তিনি চোরদের কঠোর ভাষায় নিন্দা করেন এবং দাবি করেন, প্রতিশোধ নয়, নিছক মজা করেই কাজটি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের দেড় বছরে আসিফ নজরুল গরু, ছাগল ও মুরগি পালন শুরু করেন এবং সেগুলো যেখানে রাখা হতো, সেখানে পুলিশি পাহারাও বসান।

তবে তাঁকে জড়িয়ে যে ফ্রেমিং করা হচ্ছে, তা সত্য নয় বলে দাবি করেন তিনি। তিনি বলেন, কারা কী খেয়েছে তা তিনি দেখেছেন; একটি না খাওয়ায় তাদের ধিক্কার জানাচ্ছেন এবং সুযোগ পেলে তারা আরেকটিও খাবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে এক রাতে হেয়ার রোডের সরকারি বাংলো থেকে আসিফ নজরুলের ছোট মেয়ের পোষা ছাগলটি হারিয়ে যায়, যা নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়। তিনি তখন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ছিলেন।