কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফিরে বিমানবন্দরে তিনি বলেন, দলটির কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ হলেও ভবিষ্যতে তারা রাজনীতি করবে; তাই এমন রূপরেখা তৈরি করা ঠিক হবে না, যার জন্য পরে লজ্জায় পড়তে হয়। এ সময় তার বাবা প্রকৌশলী আমিনুল হক সঙ্গে ছিলেন।
আওয়ামী লীগকে বড় দল আখ্যা দিয়ে দলটির শীর্ষ নেতাদের উদ্দেশে বাঁধন বলেন, ভবিষ্যতে কেমন রাজনীতি করবেন, তার রূপরেখা তারা তৈরি করেছেন। তার অনুরোধ, ‘আপনারা এমন রূপরেখা তৈরি করিয়েন না, যেটার জন্য আপনাদের ভবিষ্যতে লজ্জিত হতে হবে।’
রুবাইয়াত হোসেন পরিচালিত “দ্য ডিফিকাল্ট ব্রাইড”-এর প্রদর্শনীতে অংশ নিতে গত সপ্তাহে ইতালিতে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন বাঁধন। উৎসবের ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসে সিনেমাটি প্রেমীও বিসাতো দ’ওরো পুরস্কার জিতেছে।
বাঁধন জানান, সালা দারসেনা থিয়েটারে ৬ সেপ্টেম্বর সিনেমাটির বিশ্ব প্রিমিয়ারের পর পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বেরোলে তিনি হামলা ও হেনস্তার শিকার হন। তার অভিযোগ, তাকে লক্ষ্য করে ডিম, পানি ও কোমলপানীয় ছোড়া হয়, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং হাত থেকে মুঠোফোন ফেলে দেওয়া হয়; সঙ্গে ছিলেন তার ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তান।
ঘটনার পর দেশের অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী বাঁধনের পাশে দাঁড়িয়েছেন; সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ ও সমর্থন জানিয়েছেন অনেকে।






