নতুন ধারার ছাত্র রাজনীতি গড়ে তোলা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়নে ছাত্রদলই সফল হবে বলে মত দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অংশ নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রাকিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে তিন মাস ধরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা দিয়েছেন, তারই অংশ হিসেবে ছাত্রদল ক্যাম্পাসভিত্তিক দুই দিনের কর্মসূচি নিয়েছে। প্রতি সপ্তাহে শুক্র ও শনিবারের মধ্যে ক্যাম্পাস বন্ধের যেকোনো একটি দিনে নেতাকর্মীরা ক্যাম্পাসের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে মিলে এ কাজে অংশ নেবেন।

তার ভাষ্য, ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার মূল দায়িত্ব প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের হলেও ছাত্রদল এ কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চায়, নিজেরা হাত লাগিয়ে বোঝাতে চায় যে পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায় সবার। লোক দেখানো বা শুধু বক্তব্যে সীমাবদ্ধ না থেকে আন্তরিকভাবে এ কাজে যুক্ত হওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।

ঢাকা কলেজ ছাত্রদলকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানিয়ে রাকিব বলেন, ৫ আগস্টের পর ক্যাম্পাসে পুরোপুরি ফেরার পর থেকে গত দুই বছর ধরে তারা নিজ উদ্যোগে বিভিন্ন দলে ভাগ হয়ে পরিচ্ছন্নতার কাজ করছে, ফলে কলেজটি এখন মোটামুটি পরিচ্ছন্ন। এই ধারাবাহিকতা যেন বজায় থাকে, সেটাই তিনি চান বলে উল্লেখ করেন।

ছাত্রদল সভাপতি আরও বলেন, দেশে যেকোনো দুর্যোগে সংগঠনটি সাধ্যমতো সবকিছু করেছে; সামনে সামাজিক ও সাংস্কৃতিক আরও কর্মসূচি পালন করা হবে, যার কয়েকটি এরই মধ্যে হাতে নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটিতে ঢাকা কলেজ ছাত্রদলের আরও মূল্যায়ন প্রাপ্য কি না, এমন প্রশ্নে তিনি বলেন, বর্তমান কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়েছে এবং দেশের রাজনীতিতেও তাদের অনবদ্য অবদান রয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১৭ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দেওয়ার পরও ঢাকা কলেজ ছাত্রদল ও কলেজের শিক্ষার্থীরা সামনের সারিতে ছিলেন বলে উল্লেখ করেন তিনি। রাকিব বলেন, ‘তাদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা কখনোই কমেনি।’