প্রতারণার মামলায় গ্রেপ্তার নেত্রকোনার নেত্রী সাদিয়া আক্তারকে সাময়িকভাবে দলের পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা তথ্য-প্রমাণসহ জানাতে বলা হয়েছে।
২৩ বছর বয়সী সাদিয়া নেত্রকোনা জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী পড়েন নেত্রকোনা সরকারি কলেজে; বাড়ি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে।
তার বিরুদ্ধে অভিযোগ, ফ্যামিলি কার্ড করিয়ে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে জনপ্রতি ৩ হাজার টাকা নিয়েছেন তিনি। ৮ সেপ্টেম্বর বিকেলে কুড়পাড়ে আরেকজনের কাছ থেকে টাকা নিতে গেলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে খবর দেন।
পরদিন প্রিয়া আক্তার নামের এক নারী নেত্রকোনা মডেল থানায় প্রতারণার মামলা করলে পুলিশ সাদিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ১৬ সেপ্টেম্বর দুপুরে জামিনে মুক্তি পান তিনি।






