দল আদর্শ ও নীতিচ্যুত হয়েছে অভিযোগ করে গণঅধিকার পরিষদের সব পদ ছেড়ে দিয়েছেন মাহমুদুল হাসান সাগর। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি পদত্যাগের কথা জানান।

মাহমুদুল ছিলেন দলটির ঝালকাঠি জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি পেশাজীবী অধিকার পরিষদে তিনি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল বিভাগের সাধারণ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

পোস্টে তিনি লেখেন, গভীর হতাশা নিয়ে স্বেচ্ছায় দল ছাড়ছেন, অথচ ঝালকাঠিতে তিল তিল করে দলটিকে দাঁড় করিয়েছিলেন তিনি। নীতির সঙ্গে আপস করে তিনি রাজনীতি করেন না বলেও উল্লেখ করেন।

কেন দল ছাড়লেন, জানতে চাইলে মাহমুদুল সংবাদমাধ্যমকে বলেন, দল নিজের নীতিতে অটল থাকেনি বলেই তিনি সরে দাঁড়িয়েছেন; তার কাছে রাজনীতির মানে জনগণের সেবা। এ বিষয়ে দলের জেলা কিংবা কেন্দ্রীয় নেতাদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।