ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে ও দেশে ফিরতে পারেন। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন; তার প্রত্যর্পণ নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আব্দুল কাদির শাহ পাঠাগার আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, বিষয়টি সংবিধানে স্পষ্ট বলা আছে; তবে কেউ ফিরলে সরকার কী ব্যবস্থা নেবে, তা সরকারের এখতিয়ার এবং আগে থেকে কারও জানা নেই।

সম্প্রতি জাতীয় সংসদে সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন। বক্তব্য ফিরিয়ে না নিলে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার হুমকিও দেন তারা।

এ প্রসঙ্গে রুমিন ফারহানার মন্তব্য, ‘রাজনীতিতে এটা হয়, এটা কিছু না।’ ভিন্নমত, মিছিল-মিটিং কিংবা অবাঞ্ছিত ঘোষণাকে রাজনীতির স্বাভাবিক অংশ বলে উল্লেখ করেন তিনি। তার দাবি, রাজনীতিবিদের কথার জবাব মানুষই দেয়।