বাংলাদেশ ন্যাপের সভাপতি এম এন শাওন সাদেকীকে অতর্কিতে হামলা করে রক্তাক্ত করার ঘটনার তীব্র নিন্দা করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। জোটের বর্ণনায়, শাওন সাদেকী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম নেতা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাতের সই করা বিবৃতিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে জোর দাবি তোলা হয়।

নেতারা যৌথ বিবৃতিতে অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্ট চক্রান্তকারীরা অপতৎপরতা চালাচ্ছে, যাতে সরকার ব্যর্থ হয়। তাঁদের দাবি, ওই চক্রের একটি অংশ সরকারি দলসহ অন্য স্বৈরাচারবিরোধী দলগুলোতে ঢুকে দেশের আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

জোটের নেতারা বলেন, সাড়ে ১৫ বছরের স্বৈরশাসনের অবসানের পর সব রাজনৈতিক দলের সহযোগিতায় শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাঁরা সরকারের পাশে থাকার অঙ্গীকারে অটল। দেশবিরোধী কোনো চক্র যেন পরিকল্পিতভাবে সরকার ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সম্পর্কে ফাটল ধরাতে বা বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকে নজর রাখার আহ্বানও জানান তাঁরা।

সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে হামলাকারীদের কঠোর হাতে দমনের দাবিও জানায় জোটটি।

বিবৃতিদাতাদের মধ্যে আছেন জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সভাপতি ব্যারিস্টার নাসিম খান, গণদলের চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), জাগপার সভাপতি জাকির হোসেন রিয়াজ এবং বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিকসহ জোটভুক্ত দলগুলোর নেতারা।