জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ারসহ আট নেতাকর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শাখার আরেক যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিককেও একই অভিযোগে শোকজ করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে রোববার (২০ সেপ্টেম্বর) এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত অন্যরা হলেন সদস্য মাসুম রেজা, মো. ইসরাফিল ইসলাম রাফিল, ইমরান হোসেন ইমন, ইয়াসিন সাইফ, মো. সৌরভুর রহমান সুজন ও মনিরুজ্জামান মনির এবং ছাত্রনেতা কাব্য সাহা। বিজ্ঞপ্তি অনুযায়ী, কাব্য সাহা প্রাথমিক সদস্যপদ থেকে এবং বাকি সাতজন সাংগঠনিক পদ থেকে বহিষ্কৃত হয়েছেন।
শোকজ নোটিশে নাহিয়ান বিন হক অনিককে ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাকে স্থায়ী সাংগঠনিক শাস্তি দেওয়া হবে না। সে জন্য কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে হাজির হতে বলা হয়েছে তাকে।
রোববার সকালে জবি ক্যাম্পাসে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধ ঘিরে যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিক ও সদস্যসচিব শামসুল আরেফীনের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এর আগে ১৬ সেপ্টেম্বর নবীনবরণ অনুষ্ঠান নিয়ে ছাত্রদলের সুমন সর্দার ও মোস্তাফিজুর রহমান রুমির অনুসারীদের মধ্যেও সংঘর্ষ হয়েছিল।






