চীনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা ছিলেন। জামায়াত আমির চীনের সরকার ও জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের হাতে প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্দেশ করে লেখা একটি চিঠি তুলে দেন।
চিঠিতে চীনের প্রেসিডেন্ট, সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়ে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরা হয়। বাংলাদেশ-চীনের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব ভবিষ্যতে আরও দৃঢ় ও বিস্তৃত হবে বলে আশাও প্রকাশ করা হয় এতে। অনুষ্ঠানে উপস্থিত কূটনীতিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়ও করেন শফিকুর রহমান।
জামায়াতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেলদের মধ্যে রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা এটিএম মাসুম ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর এবং ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিও।






