ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম তার হাতে মনোনয়নপত্র তুলে দেন।

দলটির কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহর পাঠানো বার্তায় জানানো হয়, দলের আমির চরমোনাই পীর তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। মনোনয়নপত্র নেওয়ার সময় তার সঙ্গে ছিলেন শেখ মুহাম্মাদ আল-আমিন (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ), জেলা সেক্রেটারি মুহাম্মাদ মতিউর রহমান বায়েজিদসহ জেলা কমিটির নেতারা এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে জয় পান বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২৯ অক্টোবর এ আসনে ভোট হবে। মনোনয়নপত্র জমার শেষ দিন ২৭ সেপ্টেম্বর, বাছাই ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর।