সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির ৩২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার ১৫ দিনের মাথায় এর প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করেছেন ২২ নেতা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকে তারা এ সিদ্ধান্তের কথা জানান।
কালেক্টর ভবন চত্বরে দলীয় কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, যিনি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। তার অভিযোগ, বিদ্যমান কমিটি থাকা অবস্থায় পুরোপুরি অসাংগঠনিক উপায়ে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়ে তা প্রকাশ করা হয়েছে। জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম ঝন্টুসহ বিভিন্ন উপজেলার নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সই করা চিঠিতে ৮ সেপ্টেম্বর ফজলুল হক ডনুকে আহ্বায়ক এবং আব্দুল জলিলকে সদস্যসচিব করে কমিটিটি অনুমোদন পেয়েছিল।






