মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণকে পাশে নিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়া হবে। টাঙ্গাইল-৫ আসনের এই সংসদ সদস্য হুঁশিয়ার করেন, রাজপথে বিশৃঙ্খলা ছড়িয়ে কেউ দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করে, যেখানে প্রধান অতিথি ছিলেন টুকু। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।
বক্তব্যে টুকু অভিযোগ করেন, জনগণের হাতে বিতাড়িত হয়ে পাশের দেশে পালিয়ে যাওয়া একটি গোষ্ঠী গুম, খুন, নির্যাতন চালিয়েছে, মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, আর এখন নানা কৌশলে দেশকে আবার অস্থিতিশীল করতে চাইছে।
প্রতিমন্ত্রী বলেন, কেন পালাতে হলো সেই উপলব্ধি তাদের এখনো হয়নি, জাতির কাছে ক্ষমাও চায়নি তারা; ষড়যন্ত্র করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। গণতন্ত্রপ্রিয় এ দেশের মানুষই তাদের তাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণই আপনাদের প্রতিহত করবে।’ ষড়যন্ত্র করে বিএনপিকে সহজে কাবু করা যাবে, এমন ভাবনাকে তিনি আহাম্মকের স্বর্গে বসবাস বলে মন্তব্য করেন।
টুকুর দাবি, বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করে গেছে, আর সেই ধ্বংসস্তূপ থেকেই দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ ১৭ বছর জনগণের দাবিতে রাজপথে থাকা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তিনি সতর্ক থাকতে বলেন, যাতে কোনো অপশক্তি বা ফ্যাসিস্ট দেশের ক্ষতি করতে না পারে। সাংগঠনিক কাজের পাশাপাশি দেশ পরিচালনায় সরকারকে সহযোগিতা এবং জনগণের উন্নয়নে সমান্তরালভাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।






