রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রোববার (২৭ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

পোস্টের ভিডিওতে সালমান মুক্তাদির নিজেই ঘটনার বর্ণনা দেন। ক্যাপশনে তাকে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার উল্লেখ করে জামায়াত আমির অভিযোগ করেন, গভীর রাতে চাঁদাবাজরা তার বাসা ও স্টুডিওতে হানা দিয়ে তাণ্ডব চালিয়েছে।

চাঁদাবাজরা কখনো মৌচাক ভেবে ভিমরুলের চাকে ঢিল ছুড়লে তা বুমেরাং হয়ে ফেরে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। একের পর এক ঘটনা ঘটছে উল্লেখ করে কর্তৃত্বশালীদের নিজেদের চাঁদাবাজ সামলানো নিয়েও প্রশ্ন তোলেন তিনি; লেখেন, ‘এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’