জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কোতোয়ালি থানা ও বিভিন্ন শাখার নেতারা সিলেট নগরীর উন্নয়ন ও নাগরিক সুবিধার বিষয়ে কথা বলতে রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন। দুপুর আড়াইটার দিকে কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে তাদের মতবিনিময় হয়।

আলোচনায় নগরীর সার্বিক অবস্থা, পরিকল্পিত নগরায়ণ, শিশু-কিশোরদের খেলার মাঠ ও পার্ক, শিক্ষা এবং জনকল্যাণের নানা প্রসঙ্গ উঠে আসে। নেতাদের মতে, সিলেটের ঐতিহ্যের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ মাথায় রেখে নগরীর আধুনিকায়ন ও পরিকল্পিত উন্নয়ন হওয়া উচিত।

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে যথেষ্ট খেলার মাঠ ও পার্ক তৈরির কথা বলেন জমিয়ত নেতারা; ধর্মীয় ও নৈতিক শিক্ষার পরিসর বাড়াতে ইসলামিক স্কুল চালুর উদ্যোগ নেওয়ারও প্রস্তাব দেন তারা। নগর উন্নয়ন যেন কেবল অবকাঠামো নির্মাণে আটকে না থাকে, বরং বাসিন্দাদের জন্য সুশৃঙ্খল ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাও পরিকল্পনার অংশ হয়, সে দাবিও জানান তারা।

চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জমিয়ত নেতাদের প্রস্তাবগুলো গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন। তিনি বলেন, নগরের উন্নয়ন ও জনকল্যাণে যৌক্তিক প্রস্তাব বিবেচনায় নেওয়া হবে। সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কোতোয়ালি থানা জমিয়তের সভাপতি মাওলানা আহমদ সগীর আমকুনি। দলে মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান তালুকদারসহ থানা ও মহানগর জমিয়ত, যুব জমিয়ত এবং ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতারা ছিলেন।