ঐক্যের একটি সমন্বিত রূপরেখা চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন কওমিপন্থি সাতটি ইসলামী দলের প্রতিনিধিরা। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগরে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে এ আলোচনা শুরু হয়।

প্রতিটি দলের মনোনীত প্রতিনিধিরা বৈঠকে অংশ নিচ্ছেন, তাদের মতামত ও আলোচনার ভিত্তিতেই রূপরেখাটি চূড়ান্ত হওয়ার কথা। জানা গেছে, এটি চূড়ান্ত হলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নিজেই তা ঘোষণা করবেন।

আলোচনা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে থাকা দুই নেতা মুফতি রেজাউল করীম আবরার (ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা) ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদী (হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব)।

ঐক্য কোন ধরনের হবে, রাজনৈতিক কর্মকৌশল ও সাংগঠনিক কাঠামো কেমন হবে—এসব প্রশ্নে দলগুলোর আলাদা প্রস্তাবে ভিন্নতা আছে। ঐক্যে থাকা কোনো দল একই সময়ে অন্য কোনো জোটেও যুক্ত থাকতে পারবে কি না, সেটিও আলোচনার বড় বিষয়।

প্রস্তাবগুলো সমন্বয়ের জন্য হেফাজতে ইসলাম সাত সদস্যের একটি উপকমিটি করেছিল। গত ১ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় ওই উপকমিটির বৈঠকে আলোচনার পর সেগুলো মিলিয়ে রূপরেখা তৈরির কাজ শেষ হয়। তবে সেটি তখনো দলগুলোর প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করা হয়নি বলে জানিয়েছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ।

সাত দলের ঐক্য প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত ১৬ জুলাই। সেদিন একই মাদ্রাসায় বাবুনগরীর সভাপতিত্বে বৈঠক করে দলগুলোর নেতারা ভবিষ্যতে একসঙ্গে পথ চলার বিষয়ে নীতিগতভাবে একমত হন। দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোট।