ইসরায়েলে কাদিয়ানী সম্প্রদায়ের আয়োজিত এক মহাসম্মেলনে ইহুদিসহ বহিরাগতদের বড় উপস্থিতির খবরে উদ্বেগ জানিয়েছেন মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের এই মহাসচিব সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক জরুরি বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে রাব্বানী বলেন, ইসরায়েলের মাটিতে কাদিয়ানীদের এত বড় জমায়েত এবং ইহুদিদের সঙ্গে তাদের প্রকাশ্য ঘনিষ্ঠতা বিশ্বের মুসলমানদের জন্য গুরুতর সংকেত; একে বিচ্ছিন্ন সামাজিক আয়োজন ভাবার সুযোগ নেই।

এর পেছনের উদ্দেশ্য, আন্তর্জাতিক যোগসূত্র ও মুসলিম সমাজে দীর্ঘমেয়াদি প্রভাব গভীরভাবে বিশ্লেষণ করা জরুরি বলে মনে করেন তিনি। এমন যোগাযোগ প্রচারণা, তথ্যযুদ্ধ বা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ও অনৈক্য ছড়ানোর হাতিয়ার হয়ে উঠলে তা বড় উদ্বেগের কারণ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন রাব্বানী।

তাই এখনই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও নিরপেক্ষ গবেষণার তাগিদ দেন তিনি। তার দাবি, কাদিয়ানীদের কৌশলগত অবস্থান কোনো একক দেশের সমস্যা নয়, বরং গোটা মুসলিম বিশ্বের ঈমান-আকিদার জন্য বড় চ্যালেঞ্জ।

গুজবে ভর না করে তথ্যনির্ভর অনুসন্ধানের মাধ্যমে উম্মাহকে সচেতন করতে বিশ্বের আলেম, চিন্তাবিদ ও গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো ঘটনাকে অতিরঞ্জিত করা যেমন সমীচীন নয়, তেমনি গুরুত্বপূর্ণ কোনো ইঙ্গিতকে অবহেলা করাও মারাত্মক ভুল।’

বিবৃতির শেষে আন্তর্জাতিক তৎপরতার দিকে সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি শান্ত থেকে সচেতনভাবে পরিস্থিতি বিবেচনার জন্য তাওহিদী জনতার প্রতি অনুরোধ জানান রাব্বানী।