দেশজুড়ে যে ‘মব সন্ত্রাস’ চলছে, তা সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই—এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ২৮ সেপ্টেম্বর, সোমবার লুটপাট, ভাঙচুর ও হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের পর তিনি এ অভিযোগ করেন এবং কেন্দ্রটি আবার দাঁড় করাতে দলের পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
ঘোষিত সহায়তা দিয়ে শুরু হলো, এটিই শেষ নয়—এ কথা জানিয়ে জামায়াত আমির বলেন, এলাকার মানুষের চিকিৎসার জন্য আরও কিছু করার দরকার হলে তাঁর দল তা করবে। স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি মন্তব্য করেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্মের সাহস কেউ পেত না।
অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে বলে মনে করেন ডা. শফিকুর রহমান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে তিনি বলেন, কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও অপকর্ম করতে না পারে, সে জন্য সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। নিজের দলের কারও তো প্রশ্নই ওঠে না, তিনি নিজেও এমন কোনো অপকর্মে জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনী যেন তাঁকেও ক্ষমা না করে—এমন কথাও বলেন তিনি।
‘সর্পদংশন করে ওঝার নাটক আমরা দেখতে চাই না’ মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, গাছের গোড়া কেটে মাথায় পানি দেওয়ার মতো আচরণ জনগণ দেখতে চায় না। রাড্ডার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা ও কেন্দ্রটি দ্রুত ফের চালুর উদ্যোগ নিতে বলেন তিনি।
পরিদর্শনের সময় ড. মুহাম্মদ রেজাউল করিম (ঢাকা মহানগরীর সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য), মাহফুজুর রহমান ও ডা. ফখরুদ্দিন মানিক (মহানগরীর সহকারী সেক্রেটারি), আতাউর রহমান সরকার (প্রচার-মিডিয়া সম্পাদক)সহ মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।






