জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যপদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের ছাত্রী সুমাইয়া সুলতানা ছিয়া। ফেসবুকে এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে সুমাইয়া লেখেন, জাবি ছাত্রদলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থা তার রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ ও প্রত্যাশার সঙ্গে মিলছে না; সংগঠনের ভেতরের নানা বিষয়, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সামগ্রিক পরিবেশ তাকে গভীরভাবে ভাবিয়েছে। বিবেকের তাগিদে এ মুহূর্তে ক্যাম্পাসের রাজনীতি থেকে দূরে থাকাকেই সঠিক মনে করছেন জানিয়ে তিনি স্বেচ্ছায় পদ ছাড়ার কথা বলেন।

তবে এ পদত্যাগকে জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে যাওয়া হিসেবে না দেখার অনুরোধ জানান সুমাইয়া। তার ভাষায়, ‘আমি পদ থেকে সরে দাঁড়াচ্ছি, আদর্শ থেকে নয়।’ বাংলাদেশি জাতীয়তাবাদ, শহিদ জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী রাজনীতির প্রতি তার আস্থা ও ভালোবাসা আগের মতোই থাকবে বলে জানান তিনি।

সুমাইয়া জানান, দীর্ঘ সময় ধরে বাংলাদেশি জাতীয়তাবাদ, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং মানুষের অধিকার ও গণতন্ত্রে আস্থা রেখে তিনি রাজনীতি করছেন; এসব আদর্শের প্রতি তার শ্রদ্ধা কোনো পদ বা সাংগঠনিক অবস্থানের ওপর নির্ভর করে না। সিদ্ধান্তটিকে তিনি জাবি ছাত্রদলের রাজনীতি থেকে সাময়িক বিরতি হিসেবে বর্ণনা করেন, জাতীয়তাবাদী রাজনীতি থেকে অবসর হিসেবে নয়।

তিনি বলেন, জাবি ছাত্রদলের রাজনীতি সুশৃঙ্খল, আদর্শনিষ্ঠ ও সুস্থ ধারায় চলছে বলে মনে না হওয়া পর্যন্ত তিনি ফিরবেন না; তবে ভবিষ্যতে সংগঠনটি শহিদ জিয়ার আদর্শ, শৃঙ্খলা ও নীতির ভিত্তিতে চললে পরিস্থিতি বুঝে আবার সক্রিয় হতে পারেন। তার দাবি, সিদ্ধান্তটি পুরোপুরি স্বেচ্ছায় নেওয়া, এর পেছনে ব্যক্তিগত বিরোধ বা পদ-পদবির প্রত্যাশা নেই।

অন্যদিকে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের দাবি, সুমাইয়ার কাছ থেকে তিনি বা তার দপ্তর এখনো আনুষ্ঠানিক কোনো পদত্যাগপত্র পাননি।