রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। একই ঘটনায় আরও ছয় নেতা-কর্মীকে কারণ দর্শাতে বলা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা পৃথক দুই বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিবৃতি অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভাঙার দায়ে শাখার সহসভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আর ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে বহিষ্কার করা হয়েছে প্রাথমিক সদস্যপদ থেকেই।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া ছয়জন হলেন শাখার সহসভাপতি পদের তাকবীর আহমেদ ইমন, শরিফুল ইসলাম, বুলবুল রহমান ও ফারুক হোসেন, সহদপ্তর সম্পাদক শাহারিয়ার আলম এবং কর্মী সাজু।

নোটিশে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, দায়িত্বশীল পদে থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।