রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব ফেসবুকে নিজ সংগঠনের রাবি ইউনিটকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা দিয়েছেন; ক্যাম্পাসে সাংবাদিকদের মারধরের ঘটনায় তিনি অভিযুক্ত। সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে সাংবাদিক মারধরের অভিযোগে রাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে পদ থেকে এবং বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়; আরও ছয় নেতাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
বহিষ্কারের বিজ্ঞপ্তিটি শেয়ার করে আহসান হাবিব প্রশ্ন রাখেন, বহিষ্কারের হ্যাট্রিক ট্রফি দেওয়া হলো কি না। তার ভাষ্য, শিবিরের ক্যান্টনমেন্টে আজ থেকে রাবি ছাত্রদলের এই পরিণতি; গুপ্তদের মিডিয়া ট্রায়ালের চাপ নিতে না পারলে সংগঠনটি বিলুপ্ত করে দেওয়ার কথাও বলেন তিনি।
আহসান হাবিবের দাবি, সুশীল রাজনীতি দিয়ে রাবিতে কখনো ছাত্রদলকে দাঁড় করানো যাবে না, সাহসী কেউ আর এ সংগঠনে আসবে না। বহিষ্কারের জন্য আরও ১০-১২ জনের প্রেস রিলিজ প্রস্তুত রাখার কথাও লেখেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আহসান হাবিব আবেগের বশে এমন কথা বলেছেন; শিক্ষার্থীরা জানেন, ছাত্রদল সব সময় তাদের পাশে থেকে আন্দোলন-সংগ্রাম করেছে।






