কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বলেছেন, ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’। এর জবাবে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তাকে দেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসার আমন্ত্রণ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
নাছির লেখেন, এ মন্তব্য থেকে তার মনে হয়েছে, দেশের ছাত্ররাজনীতির এখনকার বাস্তবতা নিয়ে সালমান মুক্তাদিরের পুরো ধারণা না-ও থাকতে পারে। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তিনি বলেন, তার দীর্ঘ শাসনে তরুণদের একাংশের রাজনীতিবিমুখতা থেকেই হয়তো এমন ধারণা তৈরি হয়েছে।
তার দাবি, দেশের দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এখন ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম চলছে এবং সেখানে নেতাকর্মীদের বেশির ভাগই নিয়মিত শিক্ষার্থী। গত সতের বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এই শিক্ষার্থীদের অনেককে পরীক্ষার হল ও ক্লাসরুম থেকে তুলে নিয়ে নির্যাতন করে কারাগারে পাঠানো হয়েছিল, কারাগারে থেকেও অনেকে পরীক্ষা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
নাছিরের ভাষ্য, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে ওয়াসিম আকরামসহ ছাত্রদলের বহু নিয়মিত শিক্ষার্থী শহীদ হয়েছেন, যা গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের গভীর সম্পৃক্ততার প্রমাণ।
পোস্টের শেষে সালমান মুক্তাদিরকে পছন্দমতো যেকোনো ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার আমন্ত্রণ জানান তিনি। নিজ চোখে বাস্তবতা দেখলে তার ভুল ধারণা ভাঙবে এবং তিনি বুঝবেন ছাত্রদলে নিয়মিত শিক্ষার্থীরাই সংখ্যাগরিষ্ঠ, এমন আশাও প্রকাশ করেন ছাত্রদলের এই নেতা।






