রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক পেটানোর ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও জিয়া হল সংসদের জিএসের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত রাখার সুপারিশ করেছে তদন্ত কমিটি। আরও চারজনের বিষয়ে বাড়তি তদন্ত এবং তিনজনকে সতর্ক করার কথাও বলা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম শুক্রবার (৯ অক্টোবর) নিজের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে সুপারিশগুলো তুলে ধরেন। তার ভাষ্য, ৪ অক্টোবর রাতে শহীদ জিয়াউর রহমান হলের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের কমিটি করা হয়; কমিটি বৃহস্পতিবার মধ্যরাতে সর্বসম্মত প্রতিবেদন জমা দিয়েছে।
কমিটির মতে, অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় রাবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, কর্মী বিশাল চক্রবর্তী এবং জিয়া হল সংসদের জিএস আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িক বাতিল হওয়া উচিত।
রাকসুর সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং কর্মী তানিম রহমানের বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ আরও খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেছে কমিটি। শাখার দুই সহসভাপতি বুলবুল রহমান ও শরীফুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার সুপারিশ এসেছে।
রোববার (৪ অক্টোবর) রাতে জিয়া হলের সামনে পেশাগত দায়িত্বে থাকা সাংবাদিকদের ওপর হামলায় চার সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হন। সাংবাদিকদের সঙ্গে বৈঠকের পর উপাচার্য কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেছিলেন।






