পটুয়াখালীর কুয়াকাটা পৌর শাখা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনকে শোকজ করেছে জেলা মহিলা দল। সভার মধ্যে বিশৃঙ্খলা, সাংগঠনিক শৃঙ্খলা ভাঙা এবং নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণ—এই তিন অভিযোগে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে।

জেলা সভাপতি আফরোজা বেগম সীমা এবং জেলা সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমার সইয়ে ৫ অক্টোবর নোটিশটি দেওয়া হলেও ৯ অক্টোবর শুক্রবার সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতিতে শোরগোল ওঠে।

নোটিশের ভাষ্য, কুয়াকাটা পৌর বিএনপি কার্যালয়ে সভা চলার সময় সাংগঠনিক নিয়ম অমান্য করে বিশৃঙ্খলা বাধান সাবিনা ইয়াসমিন, এতে কাজ ব্যাহত হয়; বিভিন্ন স্তরের নেতাকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে।

তিন কার্যদিবসের মধ্যে জেলা কার্যালয়ে সশরীরে এসে প্রমাণসহ লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে; না দিলে সাংগঠনিক বিধিমতো ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে আছে। অনুলিপি গেছে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে।

জেলা সাধারণ সম্পাদক ফারজানা রুমা বলেন, সংগঠনবিরোধী নানা অভিযোগের কারণেই এই শোকজ। অভিযুক্ত সাবিনা ইয়াসমিনের বক্তব্য পাওয়া যায়নি।