জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসার সামনে বিক্ষোভ করে তার দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন শতাধিক মানুষ। তাদের অভিযোগ, তিনি জুলাই অভ্যুত্থানের শহিদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাত করেছেন।
‘স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আসা আন্দোলনকারীদের অভিযোগ, শত শত প্রাণের বিনিময়ে গণঅভ্যুত্থান হলেও জাপার শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ভারতে থাকা শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ রাখছে।
বক্তাদের ভাষ্য, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাপা আগের সরকারকে রাজনৈতিক বৈধতা দিয়েছিল; নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো দোসরকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না।
জি এম কাদেরের বাড়িতে বিক্ষোভকারীরা হামলা করেছেন বলেও কেউ কেউ অভিযোগ তুলেছেন; ফেসবুকে এর প্রতিবাদও জানিয়েছেন কয়েকজন।






