ডেঙ্গু ও হামের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলা দূর, টিকাদান জোরদার, হাসপাতালে কার্যকর জরুরি সেবা এবং জবাবদিহি নিশ্চিতের দাবি তুলেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার (১৩ অক্টোবর) দলটির চিকিৎসকদের সংগঠন এবি পার্টি ডক্টরসের আলোচনা সভায় বিশেষজ্ঞরা এই দাবিগুলো তোলেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন দুই রোগে মৃত্যুর ঘটনায় জবাবদিহি চান। খাল বন্ধ হওয়া, পানিনিষ্কাশনে বাধা আর অপরিকল্পিত নির্মাণ জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মতে, নীতিনির্ধারকসহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করা হলে সেবার মান ও মানুষের আস্থা দুটোই বাড়বে। হামের টিকাদানে বিঘ্নের কারণ খুঁজতে নিরপেক্ষ তদন্তও দাবি করেন তিনি।

অন্য বক্তারা টিকার আওতা বাড়ানো, জরুরি বিভাগের সক্ষমতা বৃদ্ধি, খাতের দুর্নীতির তদন্ত এবং মশা মারার কীটনাশক কতটা কার্যকর তা যাচাইয়ের দাবি জানান। দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান ও দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকনসহ কয়েকজন নেতাও সভায় বক্তব্য দেন।