বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তাঁর ভাষায়, ‘চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুরে এনসিপির জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, সার ডিলার বাছাইয়ে দলীয়করণ এবং চাকরির নিয়োগ নিয়ে বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভা ডাকা হয়।
নাহিদ ইসলামের দাবি, নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেই বিএনপি জয় পেয়েছে। এরপর আওয়ামী লীগের ভালো-মন্দ সবার বিরুদ্ধে মামলা-বাণিজ্য করেছে, মামলার ভয় দেখিয়ে ভোট কিনেছে এবং এখন দলটির সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিএনপি সরকার আওয়ামী লীগের মতোই দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেট দিয়ে দেশ চালাচ্ছে; বিদেশে আওয়ামী লীগ আর দেশে বিএনপি, এই দুই দলের কারণে মানুষ অধিকার ফিরে পাচ্ছে না এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনাও নষ্ট হয়েছে। এনসিপির আহ্বায়কের মতে, বিএনপি একা আওয়ামী লীগকে হারাতে পারলে গত ১৬ বছরেই তা করত, অথচ ওই সময়ে তারা রাজপথে একটি জোরালো আন্দোলনও গড়তে পারেনি। ছাত্র-জনতা রাস্তায় না নামলে ও সাধারণ মানুষ জীবন না দিলে তারেক রহমান কখনো লন্ডন থেকে দেশে ফিরতে পারতেন না বলেও মন্তব্য করেন তিনি।
ক্ষমতাসীনদের উদ্দেশে নাহিদ বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়; দুই-তৃতীয়াংশ আসন পেয়ে কেউ দেশের মালিক বনে গেছেন ভাবলে অতীতের দিকে তাকানো উচিত। আওয়ামী লীগও এমনটাই ভাবত, অথচ আজ তারা কোথায়, সে প্রশ্ন তোলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সবুজ তালুকদার। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সদস্য ইমরান হোসেনও সেখানে বক্তব্য দেন।






