যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তার মতে, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই প্রধান উপদেষ্টাকে হেনস্তা করে বিশ্বের সামনে বাংলাদেশকেই অপমান ও খাটো করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে তাহের অভিযোগ করেন, ‘আওয়ামী ফ্যাসিস্টদের কিছু দোসর’ বিমানবন্দরে নোবেলজয়ী ড. ইউনূসকে কদর্য ও অশালীন ভাষায় হেনস্তা করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং অত্যন্ত নিন্দনীয়।
তার ভাষায়, বিশ্বজুড়ে সম্মানিত একজন নোবেলজয়ীকে হেনস্তা করায় দেশের প্রত্যেক নাগরিক এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশ অপমানিত হয়েছে। বিদেশে অবস্থানকালে দেশের সম্মানিত মানুষদের সঙ্গে এমন আচরণ থেকে সবার বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তাহের আরও দাবি করেন, দেশ থেকে বিতাড়িত পতিত আওয়ামী ফ্যাসিবাদ বিদেশে বসে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং প্রবাসী ও সফররত বাংলাদেশিদের নিরাপত্তা বিঘ্নিত করছে। প্রবাসী বাংলাদেশিরা এসব ষড়যন্ত্র রুখে দেবেন বলে আশা প্রকাশ করে তিনি বিদেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তাদের দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।






