ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিমকে। চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু শুক্রবার (১৬ অক্টোবর) রাতে জানান, কানাডায় থাকা অসুস্থ মেয়ের কাছে তিনি ১০ থেকে ২০ দিনের জন্য যাচ্ছেন; এ সময় সেলিম দায়িত্ব পালন করবেন।
নীতি-আদর্শবিরোধী কাজ, ধর্মের নাম ব্যবহার করে ষড়যন্ত্র এবং দলে বিভেদ ও ভাঙন ধরানোর চেষ্টার অভিযোগে মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে বহিষ্কারের কথাও জানান তিনি। একই দিন দলের জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তিতেও তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দলীয় নীতিমালা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করে অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যে কান না দিয়ে দলের ঐক্য, সংহতি ও আদর্শ রক্ষায় একজোট থাকতে সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।






