পদত্যাগের নির্দেশ পাওয়ার খবর নিয়ে আলোচনার মধ্যে ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রোববার (১৮ অক্টোবর) রাতের ওই পোস্টে তিনি জানান, এমন কোনো নির্দেশ কার্যকর হলে সঙ্গে সঙ্গে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

ইশরাক লেখেন, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের কোনো সদস্যকে পদত্যাগ বা অন্য কোনো নির্দেশ দিলে প্রথা অনুযায়ী তা তৎক্ষণাৎ কার্যকর করা বাধ্যতামূলক, অথবা তা আপনাআপনি কার্যকর হয়। তৃতীয়, চতুর্থ বা আরও দূরের কারও মাধ্যমে এ তথ্য যাচাইয়ের দরকার নেই বলেও লেখেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগের নির্দেশ দিয়েছেন—রোববার কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর প্রতিমন্ত্রীর দপ্তর তা ‘অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে।

প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো প্রতিবাদলিপিতে গণমাধ্যম ও দেশবাসীকে বিভ্রান্ত না হতে বলা হয় এবং প্রতিবেদনটি তুলে নিয়ে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ জানানো হয়।

সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনের কাছে দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় এক মাদকবিরোধী অভিযানে নেমে আলোচনায় আসেন ইশরাক হোসেন। অভিযানের একটি ভিডিও শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে তাকে আগ্নেয়াস্ত্র হাতে কয়েকজনকে ধরার নির্দেশ দিতে দেখা যায়।

এরপর মন্ত্রী বা প্রতিমন্ত্রী পর্যায়ের কারও এভাবে অস্ত্র হাতে অভিযানে নামার আইনগত ভিত্তি ও আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনাটির তদন্তের ভার পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম রোববার জানান, তদন্তে আইনের ব্যত্যয় মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।