অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে সমালোচিত ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেওয়ার পর সোমবার (১৯ অক্টোবর) তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান ফেসবুকে মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উক্তি দিয়েছেন, যার বিষয় ক্ষমতা।
উক্তিটির বাংলা এমন—যথাযথভাবে বুঝলে ক্ষমতা মানে উদ্দেশ্য পূরণের সামর্থ্য; সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে পরিবর্তন আনতে যে শক্তি লাগে, সেটিই ক্ষমতা।
১৯৬৭ সালের ১৬ আগস্ট জর্জিয়ার আটলান্টায় সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সে দেওয়া ‘হোয়ার ডু উই গো ফ্রম হিয়ার?’ শিরোনামের ভাষণে কথাগুলো বলেছিলেন মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের এই নেতা। এর অডিও অনুলিপি রয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে।
নুসরাত স্বামীর পদত্যাগ নিয়ে সরাসরি কিছু বলেননি, উক্তিটি বেছে নেওয়ার কারণও জানাননি।
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন। তাকে ঘিরে বিএনপি বা সরকার যেন অস্বস্তিতে না পড়ে এবং প্রধানমন্ত্রীর কাজ চাপা না পড়ে, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেন বলে জানান তিনি।






