সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখী লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকাল ৭টায় লংমার্চ শুরুর আগে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান যুবসমাজকে উদ্দেশ করে বলেন, ‘তোমরা কারও ছলনায় কান দিও না। আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে।’

ডা. শফিকুর রহমান বলেন, সাত দফা দাবির মধ্যে মূল দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন করা। এই দাবি আদায় হলে বাকি ছয়টি দাবি উত্থাপনের প্রয়োজন পড়ত না বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি সরকার জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছে এবং তাদের আশাহত করেছে। বিএনপি গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে ‘চড়া মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ারি দেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি, বরং নতুন নতুন ‘জঞ্জাল’ সৃষ্টি করছে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, অতীতে যারা দাসত্ব স্বীকার করেছে, তারা তাদের পরিণতি ভোগ করছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আমাদের দাবি মেনে নেন। গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। আমাদের দাবি আদায় করে আমরা ছাড়ব।’

তিনি জানান, তাঁরা কোনো ব্যক্তিগত বা দলীয় দাবি নিয়ে রাস্তায় নামেননি; বরং এগুলো জনগণের দাবি। এর আগে দুটি লংমার্চ জনগণের সহযোগিতায় সফল হয়েছে বলেও সমাবেশে উল্লেখ করেন তিনি।

এর আগে দাবি আদায়ে ১১ দল গত ৫ সেপ্টেম্বর প্রথম লংমার্চ করে চট্টগ্রাম অভিমুখে এবং দ্বিতীয়টি গত ১৯ সেপ্টেম্বর করে রংপুর অভিমুখে।

Source: জাগো নিউজ২৪