১২ দলীয় জোটের নতুন মুখপাত্র অধ্যাপক মাওলানা আব্দুল করিম এবং সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান। বার্তায় জানানো হয়, ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম এবং সমন্বয়ক হিসেবে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান নির্বাচিত হওয়ার প্রেক্ষাপটে তিনি এই শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় মাওলানা আব্দুর রকিব জোটের ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নতুন নেতৃত্বকে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, ১২ দলীয় জোটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যেই নতুন মুখপাত্র ও সমন্বয়ক নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সময়োপযোগী।

তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পাওয়া এই দুই নেতা নিজেদের যোগ্যতা, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে জোটের কার্যক্রমে নতুন গতি আনবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী দিনে ১২ দলীয় জোটকে আরও শক্তিশালী ও কার্যকর রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হলে সব শরিক দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও ঐক্য বজায় রাখা জরুরি। এ কারণে তিনি নতুন মুখপাত্র ও সমন্বয়ককে জোটের সব দলের নেতা-কর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

বার্তায় আরও উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় আগামী তিন মাসের জন্য নতুন মুখপাত্র ও সমন্বয়ক নির্ধারণ করা হয়। ওই সভায় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব কাজী নাহিদ।

প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব ওই বার্তায় নিজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে ১২ দলীয় জোট আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা রাখবে—এটিই তাঁর প্রত্যাশা।

Source: জাগো নিউজ২৪