চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সাম্প্রতিক বক্তব্য ঘিরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম ও ফটোকার্ড প্রচারের অভিযোগ তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বক্তব্যের খণ্ডিত অংশ উপস্থাপন করে তাঁকে আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বানকারী হিসেবে তুলে ধরা হচ্ছে বলে দলটির দাবি।
এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শুক্রবার (২০ নভেম্বর) এক বিবৃতি দেন দলটির কেন্দ্রীয় সদস্য কেএম শরীয়াতুল্লাহ। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির তীব্র সমালোচনা করেছেন চরমোনাই পীর। এসব কর্মকাণ্ডে দেশ ও জনগণের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, তা বন্ধে তিনি সুস্পষ্ট অবস্থান তুলে ধরেছেন। একই সঙ্গে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক কর্মকাণ্ড হতে হবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে। কোনো দল বা গোষ্ঠীর কর্মকাণ্ডে দেশ, জনগণ ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোকে আলোচনায় বসে সংকটের সমাধান করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি, চরমোনাই পীরের বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে তাঁকে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার পক্ষের ব্যক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এটি তাঁর বক্তব্যের মূলভাব ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে বলা হয়, তাঁর বক্তব্যের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা নয়; বরং দেশের অস্থিতিশীলতা, সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করে জনগণের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ ও জাতীয় স্বার্থ রক্ষা করা। বক্তব্যের শেষাংশে তিনি বলেছেন, কাজ হতে হবে ইসলাম ও দেশের স্বার্থে, কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থে নয়।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও মূলভাব বিবেচনায় নিতে হবে। বক্তব্যের কোনো অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়—এমন শিরোনাম বা ফটোকার্ড তৈরি করা উচিত নয়। ইতোমধ্যে প্রকাশিত বিভ্রান্তিকর শিরোনাম ও ফটোকার্ড সংশোধন করে বক্তব্যের যথাযথ অর্থ ও প্রেক্ষাপট তুলে ধরার অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো মন্তব্য, অপব্যাখ্যা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে মতপার্থক্যের কারণে কারও বক্তব্য বিকৃত করা কিংবা জনমনে বিভ্রান্তি ছড়ানো কাম্য নয়। দেশের স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে বলে বিবৃতিতে জানানো হয়।
Source: জাগো নিউজ২৪






