গোপালগঞ্জ নিয়ে বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের পুরোনো পথেই হাঁটছে কি না, সেই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। পাশাপাশি তিনি বলেছেন, বিএনপির ‘গোপালগঞ্জ রাজনীতি’ সম্প্রতি পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফাঁপড়বাজিকে কেন্দ্র করে সৃষ্ট এক ধরনের ধোঁয়াশার মধ্যে আটকে পড়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন। মামুনুল হক লেখেন, চলতি নভেম্বর মাসে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন শেখ হাসিনার প্রত্যাবর্তনকে (?) কীভাবে উদযাপন করবেন, তার একটি বড় ধরনের মহড়া দিয়েছেন। তারা ব্যাপক সহিংসতা ও তাণ্ডব চালিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাবেষ্টনী, থানা, বিভিন্ন সরকারি অফিস ও স্থাপনা, এমনকি গোপালগঞ্জের মধ্য দিয়ে যাতায়াতকারী মহাসড়ক এবং রেল যোগাযোগও তারা বিচ্ছিন্ন করে দিয়েছেন। সব মিলিয়ে গোটা এলাকায় এক ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনার পুরোনো রাজনৈতিক কৌশল সম্পর্কে আমাদের অভিজ্ঞতা হলো, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য তার প্রয়োজন কিছু লাশ এবং কিছু রক্ত। সম্ভবত গোপালগঞ্জের এই সহিংসতার পেছনেও এমন একটি হিসাব কাজ করেছে—সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হবে, পুলিশ বড় ধরনের অ্যাকশনে যাবে, প্রাণহানি ঘটবে, রক্ত ঝরবে। আর সেই পরিস্থিতিকে পুঁজি করে বাংলাদেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা হালে পানি পাবে।’
তবে এ ক্ষেত্রে সরকার ও পুলিশ তাঁর দৃষ্টিতে অত্যন্ত বিচক্ষণ ও সফল কৌশল অবলম্বন করেছে বলে দাবি করেন মামুনুল হক। তিনি বলেন, ‘তারা আন্দোলনকারীদের দমন করতে কিংবা বলপ্রয়োগের পথে যেতে তাড়াহুড়ো করেনি। ফলে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, ভাঙচুর, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা, থানা দখলসহ নানা ধরনের নৈরাজ্য চালানোর পরও আন্দোলনকারীরা একপর্যায়ে ক্লান্ত হয়ে পড়েছে। সরকারের এই সহনশীলতা ও ধীরে চলো নীতি আমার কাছে ফলপ্রসূ এবং বুদ্ধিদীপ্ত মনে হয়েছে।’
কিন্তু গতকাল থেকে যেসব সংবাদ আসছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, মনে হচ্ছে, সরকার সেই পুরোনো হাসিনা-স্টাইলেই জনগণকে নিয়ে তামাশা করার একটি হাস্যকর পদক্ষেপের দিকে এগোচ্ছে। শেখ হাসিনার রাজনীতিতে একটি প্রবণতা ছিল—‘মেরেও জেতা কেঁদেও জেতা’। অর্থাৎ একদিকে কঠোরতা, অন্যদিকে কান্নাকাটি ও আবেগের রাজনীতি, সবকিছুর মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা।
মামুনুল হক বলেন, ‘আমরা বিএনপি সম্পর্কে বারবার বলে আসছি, বিএনপি যেন একটি ব্যর্থ আওয়ামী লীগে পরিণত না হয়। কিন্তু গোপালগঞ্জের সাধারণ মানুষের বিকাশ, নগদসহ মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা কিংবা তাদের আর্থিক লেনদেনের সুযোগ বন্ধ করে দিয়ে টাকা-পয়সা আটকে রাখার যে খবর পাওয়া যাচ্ছে, তা সত্য হলে সেটি হবে অত্যন্ত উদ্বেগজনক ও অমানবিক পদক্ষেপ।’
গোপালগঞ্জের সাধারণ মানুষের ব্যাংক ব্যালান্স, আর্থিক লেনদেন ও দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করে তাদের মানবেতর জীবনের দিকে ঠেলে দেওয়া কোনো দায়িত্বশীল সরকারের কাজ হতে পারে না বলেও মনে করেন তিনি। এ ধরনের পদক্ষেপ সরকারের জন্য বুমেরাং হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন খেলাফত মজলিসের আমির।
এ প্রসঙ্গে তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ঐতিহাসিক অবস্থানের কথা স্মরণ করে জানান, ৫ আগস্টের বিপ্লবের পর বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। গোপালগঞ্জকে কেন্দ্র করে একসময় খালেদা জিয়াকে পুলিশি অবরুদ্ধতার মুখে পড়তে হয়েছিল। সে সময় ক্ষোভের বশে তিনি বলেছিলেন, ‘গোপালি, গোপালগঞ্জের নাম থাকবে না।’ রুহুল কবির রিজভীর স্মৃতিচারণ অনুযায়ী, তারা তখন এই বক্তব্যে উজ্জীবিত হয়েছিলেন এবং মনে করেছিলেন, গোপালগঞ্জের নাম মুছে ফেলাই বুঝি সঠিক রাজনৈতিক অবস্থান। কিন্তু পরবর্তী সময়ে খালেদা জিয়া বিষয়টি উপলব্ধি করেন এবং বুঝতে পারেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে এ ধরনের কথা বলা সমীচীন নয়।
খেলাফত মজলিসের আমির বলেন, ‘আমরা মনে করি, বেগম খালেদা জিয়ার এই উদারতা এবং নিজের ভুল উপলব্ধি করে তা সংশোধনের মানসিকতা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ হওয়া উচিত। শেখ হাসিনার মতো উদ্ধত, প্রতিহিংসাপরায়ণ ও কূটকৌশলী হওয়া বিএনপিকে মানায় না। জনগণকে নিয়ে তামাশা করা, বিরোধী মতের মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করার নামে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা—কোনোটিই রাষ্ট্র পরিচালনাকারী কোনো দল বা সরকারের আচরণ হতে পারে না।’
‘আমরা অতীতেও ২০০১ সালের পরবর্তী বিএনপি সরকারের সময় হাওয়া ভবনকেন্দ্রিক রাজনীতিতে এ ধরনের ভুল আচরণের কিছু দৃষ্টান্ত দেখেছি। হাওয়া ভবনের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টনী তৈরি করে ঘটা করে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল এবং এর মধ্য দিয়ে বিরোধীদলকে তুচ্ছতাচ্ছিল্য করার একটি প্রবণতা প্রকাশ পেয়েছিল। আমি মনে করি, হাওয়া ভবনের সেই ক্রিকেট আয়োজন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও রুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বরং সেটি ছিল শেখ হাসিনার রাজনৈতিক মনোবৃত্তিরই এক ধরনের অনুকরণ,’ উল্লেখ করেন মামুনুল হক।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত বিএনপি দেখতে চান জানিয়ে তিনি বলেন, ‘এমন একটি বিএনপি, যারা রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি প্রতিহিংসাপরায়ণ হবে না, জনগণের অধিকার ও মর্যাদাকে সমুন্নত রাখবে, রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার, সহনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবে। তাহলেই বিএনপি এবং বাংলাদেশের কল্যাণ হবে।’
তাঁর মতে, শেখ হাসিনার অনুসৃত নীতি—জনগণকে নিয়ে উপহাস করা, বিরোধীদলের প্রতি ঔদ্ধত্য প্রদর্শন করা ও ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিপক্ষকে হেয় করা—এই আত্মঘাতী রাজনৈতিক সংস্কৃতি বিএনপির জন্য কখনোই সুখকর ফলাফল বয়ে আনতে পারে না। রাষ্ট্রের নাগরিক যে দলেরই সমর্থক হোন না কেন, সরকারকে তাদের সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। তবে এর অর্থ এই নয় যে, গোপালগঞ্জে যারা জ্বালাও-পোড়াও, সহিংসতা ও দাঙ্গা-হাঙ্গামার পথ বেছে নেবে, তাদের কোনো জবাবদিহি থাকবে না। আইন ভঙ্গ করলে অবশ্যই তাদের আইনের আওতায় আসতে হবে এবং নিজেদের কর্মকাণ্ডের দায়ভারও তাদেরই বহন করতে হবে।
মামুনুল হকের পরামর্শ—গোপালগঞ্জে দুর্বৃত্তায়ন ও নৈরাজ্য রোধ করতে হলে স্থানীয় সাধারণ মানুষকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নেওয়া যেতে পারে। যারা সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এমন কৌশল গ্রহণ করতে হবে, যাতে দুর্বৃত্তরা তাদের কর্মকাণ্ডের দায় নিজেরাই বহন করে এবং সাধারণ মানুষকে অযথা ভোগান্তির শিকার হতে না হয়, বরং সাধারণ জনগণ যেন নিজেদের জীবন-জীবিকার নিরাপত্তার স্বার্থেই দুর্বৃত্তপনা ও সন্ত্রাসী কার্যক্রমের মোকাবেলায় স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ গড়ে তোলে। কিন্তু আগ বাড়িয়ে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের সঙ্গে তামাশা করা, তাদের তুচ্ছতাচ্ছিল্য করা কিংবা তাদের বেকায়দায় ফেলার উদ্দেশ্যে কোনো বেআইনি ও অমানবিক পদক্ষেপ গ্রহণ করা হলে তা কখনোই ভালো ফল বয়ে আনবে না।
তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা, বিএনপি আওয়ামী লীগের প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক সংস্কৃতির উত্তরাধিকারী হবে না, বরং শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত আদর্শের প্রতি বিশ্বস্ত থেকে একটি দায়িত্বশীল, উদার ও জনবান্ধব রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।’
তথ্যসূত্র: জাগো নিউজের রাজনীতি বিভাগের প্রতিবেদন অনুযায়ী
Source: জাগো নিউজ২৪






