বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত একটি প্রতিবেদন প্রত্যাহার, সংশোধনী প্রকাশ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি। পাশাপাশি দাবি পূরণ না হলে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি ও হুঁশিয়ারি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার বিবৃতিতে বলা হয়, সংসদ-অনুমোদিত একটি সরকারি সফরের দিনেই প্রতিবেদনটি প্রকাশ করাকে কোনোভাবেই কাকতালীয় মনে করার সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক পরিমণ্ডলে হেয়প্রতিপন্ন করার এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা।

প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মন্তব্য চাওয়া হলেও ডা. শফিকুর রহমান সাড়া দেননি। এই বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ দাবি করে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রতিবেদন প্রকাশের আগে জামায়াত আমিরের দপ্তর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কিংবা সফরসঙ্গী কারও সঙ্গেই যোগাযোগ করা হয়নি। বক্তব্য না নিয়েই ‘জবাব দেননি’ বলে উল্লেখ করাকে তিনি সাংবাদিকতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন।

প্রতিবেদনে ফিলিস্তিন প্রসঙ্গে দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থান বিশ্বের বহু সরকার ও জনগণেরই অবস্থান; একে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে তুলে ধরা উদ্দেশ্যমূলক বিকৃতি। তিনি স্পষ্ট করেন যে ডা. শফিকুর রহমান জাতি-ধর্ম নির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো হামলার বিরোধী।

প্রতিবেদনের উৎস ও প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তার দাবি, পুরো প্রতিবেদনটি মূলত একজন অভিবাসন প্রতিনিধির ভিসা বাতিলের আবেদনের ওপর ভিত্তি করে তৈরি, যিনি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রশংসাসূচক চলচ্চিত্র ‘বাবা’-এর রচয়িতা ও পরিচালক। পাঠকদের কাছে তার এই রাজনৈতিক পরিচয় গোপন রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ারের মতে, যারা ফ্যাসিবাদের অবসানে লড়াই করেছেন, তাদের ‘উগ্রবাদী’ আখ্যা দিয়ে চরিত্রহনন করা পতিত স্বৈরাচারের পুরোনো বয়ানেরই অংশ। সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি আস্থার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এই স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স নয়। তাই ‘দ্য অস্ট্রেলিয়ান’কে অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার করে ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ, সংশোধনী ছাপানো এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি; অন্যথায় আইনি পথে হাঁটার কথাও বলেন।

তথ্যসূত্র: যুগান্তর

Source: Jugantor