অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াত আমিরকে ফুল দিয়ে স্বাগত জানান দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি এবং মো. সেলিম উদ্দিন প্রমুখ।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেন জামায়াত আমির। তাঁকে বিদায় জানাতে বিমানবন্দরে সমবেত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। ফুলেল শুভেচ্ছা, কুশল বিনিময় ও আবেগঘন পরিবেশে তাঁরা জামায়াত আমিরকে বিদায় জানান।

সফরে যেসব অনুষ্ঠানে অংশ নেন

সফরকালে ডা. শফিকুর রহমান সিডনি এবং অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এসব আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জামায়াত আমিরের নেতৃত্বে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

Source: Dainik Sangram