জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়ায় তাঁর পূর্বনির্ধারিত সফর শেষ করে আজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন। এনটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশে রওনা হন বলে জানা গেছে।

এই সফরে জামায়াত আমির সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসব অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী, পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদলের সদস্য হিসেবে ছিলেন—ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধী দলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান ও বিরোধী দলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

সফরের শুরুতে ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর পর ২১ নভেম্বর ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন। একই দিন বিকেলে তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজিত শিশু-কিশোরদের আনন্দমেলা অনুষ্ঠান এবং শিবিরের সাবেক নেতাদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।

পরদিন ২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক বৃহত্তর আলোচনা সভায় ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

গত ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত আরেকটি সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দেশের উন্নয়নে তাঁদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।

Source: NTV