সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক নোটিশে সাদিয়া আফরিনকে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়। জাগো নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, সাদিয়া আফরিনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যাসহ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান এবং কেন্দ্রীয় দপ্তর বরাবর সশরীরে জবাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিন শোকজের বিষয়ে জাগো নিউজকে বলেন, কেন তাঁকে শোকজ করা হয়েছে, তা তিনি এখনও জানেন না। তাঁর কাছে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিস্তারিত জানলে তিনি সংবাদ সম্মেলনে বিষয়টি জানাবেন বলে জানান।
Source: জাগো নিউজ২৪






