ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘বাংলাদেশ দখল’ সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশের মাতৃভূমির দিকে কুদৃষ্টি দিলে চুপ করে বসে থাকবে না দেশের মানুষ।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি। পোস্টে তিনি লিখেন, ‘ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘বাংলাদেশ দখল’ করার ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য বাংলাদেশের আপামর জনগণের মধ্যে চরম ক্রোধ সৃষ্টি করেছে, খুব স্বাভাবিক কারণেই।’
তিনি আরও লেখেন, ‘যদিও এ ধরনের মূর্খ পাতিনেতার মন্তব্য ভারতের কেন্দ্রীয় সরকারের বক্তব্য নয়, তারপরও আমি মনে করি, এর ব্যাখ্যা দিল্লির দেওয়া উচিত এবং মন্তব্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।’
ইশরাক হোসেন তার পোস্টে বলেন, ‘আমি বলতে চাই, আমাদের প্রিয় মাতৃভূমির দিকে কুদৃষ্টি দিলে আমরাও চুপ করে বসে থাকব না। রাষ্ট্রীয় দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্ক তার জায়গায় থাকবে। আর মাঠের রাজনীতির জবাব রাজনৈতিক ভাষাতেই দেওয়া হবে।’
তিনি লেখেন, ‘সুসময়ে আমাদের দেশে বড় আসনে গেড়ে বসা একদল স্বার্থবাজ মানুষ বিপদ দেখলে স্যুটকেসে ‘উপহার’ ভর্তি করে উড়াল দেবে। আরেক দল বড় পদ আঁকড়ে ধরে চরম আন্দোলনের সময় আপসের মাধ্যমে নিরাপদে থাকবে। তাতে কিচ্ছু আসে যায় না।’
বিএনপি নেতা আরও লেখেন, ‘ফ্যাসিবাদী নিষিদ্ধ আওয়ামী লীগের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদীরা ১৭ বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে একটি ছায়াযুদ্ধ চালিয়েছিল। সেই যুদ্ধ আমরা করেছি এবং জিতেছি। সামনে আরও যেকোনো ফ্রন্টে লড়াই করার প্রয়োজন হলে আমরা সর্বাত্মক যুদ্ধ করার জন্য সদা প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।’
সবশেষে তিনি লেখেন, ‘আমাদের পূর্বপুরুষেরা দেশের মাটির জন্য যুদ্ধ করেছেন। আমরা দেশরক্ষায় লড়াই করেছি, আগামীতেও আমরাই করব। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব।’
তথ্যসূত্র: দৈনিক মানবকণ্ঠ।
Source: Manobkantha






