জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দেশের জনগণ নতুন করে কোনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা আর মেনে নেবে না। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে মিরপুর উত্তর থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেলিম উদ্দিন বলেন, দেশের আইন, কর্তৃত্ব, সংবিধান ও সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বসে থাকতে পারে না। তিনি জুলাইয়ের শহীদদের প্রসঙ্গ টেনে বলেন, তাঁরা দেশের মানুষের মুক্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন। সেই ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জাতির আগামী দিনের সব সংকট ও সংগ্রামে জামায়াতে ইসলামী নেতৃত্বের ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।
জামায়াত নেতা আরও বলেন, জামায়াতে ইসলামী সব পরিস্থিতি মোকাবিলা করে এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে দুর্নীতি, ঘুষ, অবিচার ও সন্ত্রাস থাকবে না। ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে মানবিক বাংলাদেশ ও নাগরিকবান্ধব ঢাকা গড়তে ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায়-মহল্লায় জনসচেতনতা ও জাগরণ সৃষ্টি করা হবে বলে তিনি জানান।
নগরীর নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, নগরীতে নিরাপত্তার যে সংকট দেখা দিয়েছে, তাতে প্রতিটি মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা নিয়ে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আগামী ১৮ ডিসেম্বর মিরপুর উত্তর থানায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, এ সমাবেশকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটি ঘরে বারবার যেতে হবে, নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক ও যোগাযোগ তৈরি করতে হবে। ঘরে ঘরে জামায়াতের মনোনীত মেয়রপ্রার্থী ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিতে হবে। ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নাগরিক সমাবেশগুলো সফল করতে তিনি সব পর্যায়ের দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মিরপুর উত্তর থানা জামায়াতের আমীর মনিরুল ইসলাম মৃধা। জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার শুক্রবার এসব তথ্য জানান।
Source: জাগো নিউজ২৪






