ঐতিহাসিক চরমোনাই মাহফিলকে আত্মশুদ্ধির মহামিলনকেন্দ্র আখ্যা দিয়ে এর সফলতা কামনা করেছে জাতীয় তাফসীর পরিষদ বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এবং ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদিস মুফতি বাকি বিল্লাহ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পথভোলা মানুষ পথের দিশা পান এই আত্মশুদ্ধির মাহফিলে। এ মাহফিলের মাধ্যমে আল্লাহভোলা মানুষ আল্লাহর পথে চলার সঠিক নির্দেশনা পেয়ে পরিশুদ্ধ জীবনে ফিরে আসেন।

তারা আরও বলেন, যারা বিভিন্ন পাপাচারে লিপ্ত, তারা এসব থেকে ফিরে নামাজ, রোজাসহ দ্বীনের পথে জীবন পরিচালনার সঠিক দিশা পান। তাই পরিশুদ্ধ জীবন গঠনে এ মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারা। নেতৃদ্বয় তিন দিনব্যাপী এই বিশাল মাহফিলের সফলতা কামনা করেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা বরিশালের চরমোনাইয়ে এ মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে। ৩০ নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে বলে বিবৃতিতে জানানো হয়।

জাতীয় তাফসীর পরিষদের মিডিয়া সমন্বয়ক মুফতি মুহিউদ্দিন জিলানী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সূত্র: জাগো নিউজের রাজনীতি প্রতিবেদন

Source: জাগো নিউজ২৪