বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর’। তিনি অবিলম্বে ওই প্রতিবেদন প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান। তিনি বলেন, সংসদ-অনুমোদিত একটি সরকারি সফরের দিনেই ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যা ‘কাকতালীয় নয়’। তাঁর ভাষ্য, বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার জন্যই এটি পরিকল্পিতভাবে করা হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, মন্তব্য চাওয়া হলেও ডা. শফিকুর রহমান সাড়া দেননি। গোলাম পরওয়ার বলেন, এই দাবি ‘সম্পূর্ণ অসত্য’। তাঁর বক্তব্য, প্রকাশের আগে ডা. শফিকুর রহমানের কার্যালয়, তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বা সফরসঙ্গী কারো সাথেই যোগাযোগ করা হয়নি। বক্তব্য না নিয়েই ‘জবাব দেননি’ লেখা সাংবাদিকতার মৌলিক নীতির লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া বিশ্বের বহু সরকার ও জনগণের অবস্থান। একে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে চিত্রিত করা ‘উদ্দেশ্যমূলক বিকৃতি’। তিনি উল্লেখ করেন, ডা. শফিকুর রহমান জাতি-ধর্ম নির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো হামলার বিরোধী।

কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত একটি পোস্টের বিষয়ে গোলাম পরওয়ার জানান, সেই পোস্টটি ডা. শফিকুর রহমান লেখেননি; তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে তা প্রকাশ করা হয়েছিল। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রমাণ জমা দেওয়া হয় এবং একজনকে গ্রেফতারও করা হয়। কিন্তু প্রতিবেদনে এই তথ্য উপেক্ষা করে তাঁকে ‘নারীবিদ্বেষী’ হিসেবে চিত্রিত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

পতিত সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ন্যায্যতা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন বিশেষজ্ঞ ও জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থা গুরুতর প্রশ্ন তুলেছে জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের একটি রায়েও সেই প্রশ্ন উঠে এসেছে। সেই বিচারের রায়কে প্রশ্নাতীত ইতিহাস হিসেবে দেখিয়ে ডা. শফিকুর রহমানকে ব্যক্তিগতভাবে দায়ী করার চেষ্টা ‘গ্রহণযোগ্য নয়’ বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, পুরো প্রতিবেদনটি একজন অভিবাসন প্রতিনিধির ভিসা বাতিলের আবেদনের ওপর দাঁড়িয়ে আছে। তিনি জানান, ওই ব্যক্তি শেখ মুজিব ও তাঁর পরিবারের গুণকীর্তনমূলক চলচ্চিত্র ‘বাবা’র রচয়িতা ও পরিচালক। পাঠকদের কাছে তাঁর এই রাজনৈতিক পরিচয় গোপন রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যারা ‘ফ্যাসিবাদের অবসানে লড়াই করেছেন’, তাদের ‘উগ্রবাদী’ বলে চরিত্রহনন পতিত স্বৈরাচারের পুরনো বয়ান বলে তিনি মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, ডা. শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এমপি একটি আনুষ্ঠানিক Concerns Notice পাঠিয়েছেন। অস্ট্রেলিয়ার Defamation Act 2005 (NSW)-এর ১২-এ ধারায় প্রকাশক Nationwide News Pty Ltd-কে পাঠানো নোটিশে সাতটি মানহানিকর ইঙ্গিত চিহ্নিত করে সংশোধন, প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণের দাবি জানানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, “আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু সে স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স নয়।” তিনি দাবি জানান, ‘দ্য অস্ট্রেলিয়ান’ অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার করুক, ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ করুক এবং প্রকাশ্যে সংশোধনী দিয়ে ক্ষমা চাক। অন্যথায় সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

তথ্যসূত্র: নয়া দিগন্ত।

Source: Naya Diganta